মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:২৮, ৯ নভেম্বর ২০২৬

বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির

বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে এক নারীর সন্তান প্রসবের পর নবজাতকের পিতৃত্ব দাবি করে হাজির হয়েছেন দুই ব্যক্তি। রোববার সকালে নগরের আফির মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক প্রসূতি সেখানে সন্তান প্রসব করেন। সন্তান জন্মের সময় শুভাস নামের এক ব্যক্তি নিজেকে তার স্বামী পরিচয় দিয়ে পাশে অবস্থান করছিলেন। তবে সকালে এমদাদুল নামের অপর এক ব্যক্তি হাসপাতালে এসে নবজাতককে নিজের সন্তান বলে দাবি তোলেন।

এমদাদুলের ভাষ্য, ২০২১ সালে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে ভালোবেসে তিনি বিয়ে করেন। ধর্মান্তরিত হয়ে শান্তা তার সঙ্গে ঢাকায় সংসার করছিলেন এবং সন্তান প্রসবের কথা বলে তিন মাস আগে বাবার বাড়িতে আসেন। উপস্থিত লোকজনের সামনে নিজের দাম্পত্যের সপক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন প্রমাণপত্রও তুলে ধরেন এমদাদুল।

এদিকে হাসপাতালে এমদাদুল উপস্থিত হওয়ার পর সেখান থেকে চলে যান শুভাস। ফলে এ নিয়ে তার কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে শান্তার দাবি, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি এবং এই নবজাতকের বাবাও তিনি নন। যদিও এমদাদুলের দেখানো নথিপত্র প্রসঙ্গে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম বিয়ের তথ্য গোপন রেখে ২০২৪ সালে বাকেরগঞ্জ উপজেলার শুভাসের সঙ্গে শান্তার পরিচয় ও প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। শুভাস জানতেন শান্তা চাকরির কারণে ঢাকায় থাকেন। অভিযোগ রয়েছে, শান্তা ঢাকায় এমদাদুলের সঙ্গে সংসার করতেন, আবার বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে শুভাসের কাছে যেতেন।

হাসপাতালের অভ্যর্থনাকর্মী গোলাম মোস্তফা ইমন জানান, মা ও নবজাতককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ওই সময় পিতৃত্ব দাবি করা দুই ব্যক্তির কেউই উপস্থিত না থাকায় নবজাতকের নানার জিম্মায় মা ও শিশুকে বুঝিয়ে দেওয়া হয়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: