সংগৃহীত ছবি
কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সকাল থেকে সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে শত শত শ্রমিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
গতকাল শনিবার দুপুরেও কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষে শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন এবং আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।


























