ছবিঃ রয়টার্স
জীবনযাত্রার ব্যয় হ্রাস, শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, এবং বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধিতায় জার্মানিজুড়ে জেন জি তরুণেরা আন্দোলনে নেমেছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে ফ্রাঙ্কফুর্ট শহরের দোকানপাটে লুটপাট এবং সহিংস সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের কেন্দ্রস্থলে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয় এবং কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ককটেল বা মোলোটভ ককটেল নিক্ষেপ করলে পরিবেশ তীব্র উত্তপ্ত হয়ে ওঠে।
বার্লিনে আয়োজিত সমাবেশে জেন জি রেজেল্ট সংগঠনের মুখপাত্র লিনা ফ্রিডরিখ বলেন, ‘আমরা আজ এখানে যুদ্ধ ও বাধ্যবাধকতার বদলে শান্তি ও স্বাধীনতার জন্য লড়াই করতে এসেছি।’ আন্দোলনের মূল দাবি তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার জন্য আরও ভালো সহায়তা প্রদান। আমরা বাধ্যতামূলক সামরিক সেবার বিরুদ্ধে এবং বোঝার আরও ন্যায্য বণ্টনের পক্ষে।’
বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শন বেকার ক্যাম্পাস ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনি যখন ভেতরে যাবেন এবং ঘরগুলোতে প্রবেশ করবেন, তখন এটি একটি পরিত্যক্ত ভবনের মতো দেখায়। তবুও এখানে আমাদের নিয়মিত পড়াশোনা করার আশা করা হয়।’


























