এএফপি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে প্রধান বিরোধী দলকে আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে রাজধানী তেল আবিবে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। শনিবার এই বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, এটিই হয়তো দেশটিতে ‘প্রকৃত পরিবর্তনের শেষ সুযোগ’। নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী এবং তাকে একজন ‘বড় চালবাজ’ হিসেবে আখ্যা দেন তারা।
ইসরাইলের প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোট এর আগে সে দেশের আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নতুন করে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, তাতে এই দলগুলোর সমর্থন পেলে তার পক্ষে সরকার গঠন করা সম্ভব হতে পারে।
গত মঙ্গলবার ইসরাইলে অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে, অন্যদিকে আইজেনকোটের জোট পেয়েছে ৪৮টি আসন ফলে এককভাবে কোনো পক্ষই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়নি। এই নির্বাচনে দারুণ সাফল্য পেয়েছে আরব নেতৃত্বাধীন তিনটি দল। তারা একজোট হয়ে সর্বমোট ১৯টি আসনে জয়লাভ করেছে।
আরব দলগুলোর এই জয়ের ফলে আইজেনকোট তাদের সঙ্গে জোট গঠন করলে ৬৭টি আসনের এক সুবিধাজনক সংখ্যাগরিষ্ঠতা পাবেন। তবে ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে অনেক ইহুদির কাছে আরবদের সঙ্গে জোট বাধার বিষয়টি এখনো রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।
এদিকে নেতানিয়াহু ফিলিস্তিনি-ইসরাইলি দলগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা কাতার থেকে অর্থ এনে নির্বাচন ‘চুরি’ করার চেষ্টা করেছে। তবে কাতার এই অভিযোগ অস্বীকার করে একে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলে উড়িয়ে দিয়েছে।


























