মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল
সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য এখন পর্যন্ত ৫৬৮ টি চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদেরকে বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে একদিন দুইদিন দেরি হয় সেটা ভিন্ন ইস্যু। কিন্তু চাইছি ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।
রাশেদুল হক বলেন, বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বিষয়ে কোন অনিয়ম বা দূর্নীতি হলে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পাশাপাশি বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে আগ্রহীদের কোন ধরনের মধ্যস্বত্বভোগীদের কিংবা দালাল থেকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।


























