বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩১, ১২ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে এক শিক্ষিকাকে বেদম মারধর করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আফজাল রোড ও কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লক্ষ্মী রাণী নাথ উপজেলার আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও ভুক্তভোগীর সহকর্মীরা জানান, বিদ্যালয়ের পাঠদান শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ওই শিক্ষিকা। চন্দ্রগঞ্জ থানার পশ্চিম পাশের একটি নার্সারি পর্যন্ত তার যাওয়ার কথা ছিল। তবে অটোরিকশাচালক তাকে নির্ধারিত স্থানে না নামিয়ে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কের দিকে নিয়ে যান।

একপর্যায়ে দুর্বৃত্তরা ওই শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে তার হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, সাথে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা লুটে নেয়। পরবর্তীতে তাকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অদূরে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

আহত শিক্ষিকার সহকর্মী আবুল হাসনাত বলেন, "ছিনতাইকারীরা লক্ষ্মীকে বেদম মারধর করেছে। তার দুটো চোখ ফুলে গেছে। চোখের পাতা কালো হয়ে আছে। মুখে রক্তাক্ত জখম হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।"

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাচালক ও ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: