মেরুদণ্ডের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের এমপি (সংসদ সদস্য) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বেলা ২টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে তার মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে অস্ত্রোপচারের বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের সময় থেকেই মেরুদণ্ডে তীব্র ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন লুৎফুজ্জামান বাবর।
এ ছাড়া তার কিডনির সমস্যা ও শ্বাসকষ্টও রয়েছে। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবর। অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে চান তিনি। মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর ভাই মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
দেশে চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। সেখানে আজ বেলা ২টার দিকে তার মেরুদণ্ডের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে এসে মানুষের সেবা করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


























