জুলাই গণঅভ্যুত্থানের অগ্রবর্তী নেত্রী কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে একাধিক পেট্রোলবোমা নিক্ষেপের মাধ্যমে অগ্নিসংযোগে টিনশেডের আট কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। পেট্রোল বোমার মাধ্যমে আগুন লাগানোর দৃশ্য বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু ছিল। এর মধ্যে দুটি ছাগল মারা যায়।
জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে তিনতলা একটি বসবাসের ভবনের পাশেই একটি টিনশেডের ঘর রয়েছে। সেখানে গবাদিপশু এবং কিছু আসবাবপত্র থাকলেও কেউ বসবাস করতেন না। নতুন ভবনের তৃতীয় তলায় এমপি নুসরাতের পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে সেখানে আগুন ছড়ায়নি।
নুসরাত তাবাসসুমের ছোট ভাই ইসতিয়াক বলেন, ‘রাতে বাড়িতে চারটি পেট্রোল বোমা মারা হয়েছে। সিসিটিভি ফুটেজে প্রমাণ রয়েছে। তবে কে বা কারা মেরেছে, সেটা চেনা যাচ্ছে না।’ স্থানীয়রা জানান, চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন আগুন জ্বলছে। তখন নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘বুধবার রাত ১২টার কিছু পরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতের ঘটনা ঘটেনি।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আগুনের বিষয়টি তাঁকে মুঠোফোনে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। ভেড়ামারা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


























