বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ১১ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় বকুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বকুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় বকুলের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির উঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৩টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

রায়ে আদালত বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় আগে হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। একই সঙ্গে জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম আরিফ বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: