নড়াইলের লোহাগড়া উপজেলার ৭ নম্বর লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পী। স্থানীয় বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে তাঁকে নিয়ে আলোচনা করছেন সাধারণ মানুষ। সরেজমিনে নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বাপ্পী লোহাগড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি লোহাগড়া ইউনিয়নের করফা গ্রামের সরদার এনায়েত হোসেন টগরের ছেলে। তাঁর চাচা মরহুম রিকাত সরদার লোহাগড়া পৌর বিএনপির আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি ছিলেন।
স্থানীয়দের অনেকে জানান, বাপ্পী সামাজিক কর্মকাণ্ডে যুক্ত এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ান। তাঁর পারিবারিক পরিচিতি ও ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে এলাকায় তাঁকে নিয়ে আলোচনা রয়েছে। তাঁরা মনে করেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
কালনা গ্রামের হেমায়েত হোসেন বলেন, ‘বাপ্পী একজন সদালাপী ও মানবিক ছেলে। এলাকায় তাঁর পরিবারের অনেক সুনাম রয়েছে। বাপ্পী চেয়ারম্যান হতে পারলে এলাকার উন্নয়নে অনেক অবদান রাখতে পারবে।’
করফা গ্রামের চুন্নু সিকদার বলেন, ‘বাপ্পী সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’
কামঠানা গ্রামের ডা. অশোক বলেন, ‘এলাকার উন্নয়নের জন্য বাপ্পীর মতো সৎ ও তরুণ নেতৃত্ব দরকার।’
ছাগলছেড়া গ্রামের মোহাম্মদ খায়ের বলেন, ‘বিপদে-আপদে বাপ্পীকে কাছে পাওয়া যায়। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষ উপকৃত হবে।’
চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. রাজু আহমেদ বাপ্পী বলেন, ‘আমি নিজের জন্য চেয়ারম্যান হতে চাই না, এলাকার মানুষের সেবক হতে চাই। এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’ নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি সবার দোয়া ও সমর্থন চান।


























