শনিবার ২৪ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধি, সাতক্ষীরা 

প্রকাশিত: ২১:৩৯, ২৩ অক্টোবর ২০২৬

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার পরান্দাহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোখলেছুর রহমান সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং আবাসিক বোর্ডিংয়ে থাকত। প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে ওই শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। গত কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে নিয়ে ওই শিক্ষার্থীকে দিয়ে হাত-পা টেপাতেন ।

এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে বোর্ডিং থেকে চাল-ডাল রান্নাঘরে দিয়ে ফেরার পথে প্রধান শিক্ষক শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। এ সময় শিক্ষার্থী চিৎকার করলে তাঁর মুখ চেপে ধরা হয় এবং কাউকে ঘটনা না জানানোর জন্য নিষেধ করা হয়।

পরে বাড়িতে ফিরে শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থ বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় মামলা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: