মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
মৃত দুজন হলেন মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপে বন্ধুদের সঙ্গে মদপান করেন আলমগীর ও বিধান। এর কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
আলমগীরের পরিবারের সদস্যরা জানান, অসুস্থ হওয়ার পর বন্ধুরা তাঁকে হাসপাতালে না নিয়ে বাড়িতে পৌঁছে দেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিধান প্রথমে অসুস্থতার কথা পরিবারের কাউকে জানাননি। তাঁর চাচি সুপ্রিয়া সাহা জানান, বাড়িতে ফেরার পর বিধান অসুস্থ হয়ে পড়েন। পরে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান বলেন, ‘দুজনকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে বিষয়টিতে পুলিশকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে জানা যাবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, মদপানের পর অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























