শনিবার ২৪ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী প্রদান

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২১:৩২, ২৩ অক্টোবর ২০২৬

যশোর হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী প্রদান

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৪০ লাখ টাকার চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আন্তর্জাতিক দাতব্য সংস্থা হিউম্যান অ্যাপিল ইউএসএর সহযোগিতায় এসব উপকরণ দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের হাতে চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় প্রতিমন্ত্রী নির্দেশ দেন, বিতরণ করা উপকরণ রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সরবরাহ করা সামগ্রীর মধ্যে রয়েছে ব্যথানাশক ইনজেকশন, অ্যাডাল্ট ডায়াপার, সার্জিক্যাল গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের অ্যাপ্রন ও গাউন এবং অপারেশন থিয়েটারের (ওটি) বিভিন্ন জরুরি উপকরণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, সিভিল সার্জন ডা. মাসুদ রানা প্রমুখ।

হাসপাতাল সূত্র জানায়, কাগজে-কলমে ২৫০ শয্যার প্রতিষ্ঠান হলেও প্রতিদিন গড়ে প্রায় ৫০০ রোগীকে অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসাসেবা দিতে হয়। রোগীর চাপের তুলনায় সীমিত শয্যা ও দীর্ঘদিনের ওষুধ এবং চিকিৎসা উপকরণের সংকট সামাল দিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।

এ অবস্থায় ৪০ লাখ টাকার চিকিৎসা ও সুরক্ষা সামগ্রীর সহায়তা জরুরি চিকিৎসাসেবা পরিচালনায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে এসব উপকরণ রোগীদের মধ্যে যথাযথভাবে বিতরণ এবং বিনামূল্যে সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকর তদারকি গুরুত্বপূর্ণ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: