সংগৃহীত ছবি
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগলীগের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করা হয়। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মীকে পুলিশ আটক করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। পরে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
থানায় হামলা ও আগুনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া থানা চত্বরের ভেতরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলছে। ভাঙচুরের শব্দও শোনা যাচ্ছে। একই সঙ্গে হামলাকারীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। হামলাকারীদের হাতে লাটিসোঁটা দেখা যায়। কেউ কেউ মুঠোফোনে হামলা ও আগুন দেওয়ার দৃশ্য ধারণ করছিলেন।
রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। সেখানে যানবাহনে আগুন দেওয়ার খবরও তাঁরা পেয়েছেন।


























