চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনে হামলা, দুই লোকোমাস্টারকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
রেল ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে কুপিয়ে জখম করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি নিছক কোনো ছিনতাইয়ের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


























