সংগৃহীত ছবি
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে ১৯৮টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী এ তথ্য জানান।
বেবিচকের হিসাব অনুযায়ী, এর মধ্যে সরাসরি ফ্লাইট ১২১টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।
চলাচল ব্যাহত হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারের ৩২টি রয়েছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইট প্রভাবিত হয়েছে ১২১টি।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালামএয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে। এসব এয়ারলাইন্সের মোট ৭৭টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৯৮টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে সৌদিগামী এবং সৌদি আরব হয়ে অন্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।


























