শনিবার ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যোগাযোগ ত্রুটিতে যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

রানার ডেস্ক

প্রকাশিত: ০৪:৫২, ১৪ নভেম্বর ২০২৬

যোগাযোগ ত্রুটিতে যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

যোগাযোগ ত্রুটিতে যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর অভ্যন্তরীণ যোগাযোগে বিভ্রাট দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দেশটির সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই জরুরি নির্দেশনা জারি করে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, নিয়ন্ত্রণব্যবস্থার এই বিপর্যয়ের ফলে দেশটিতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বের মুখে পড়েছে।

তবে এফএএ জানিয়েছে, যেসব উড়োজাহাজ নির্দেশনার আগেই আকাশে উড্ডয়নরত ছিল, সেগুলো নিজ নিজ গন্তব্যে নিরাপদে অবতরণ করতে পারবে। কেবল বিমানবন্দরগুলো থেকে নতুন কোনো উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি দেওয়া হচ্ছে না।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগে জটিলতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএএর কারিগরি দল বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট উড্ডয়ন পুরোপুরি বন্ধ করা হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে কারিগরি বিভ্রাটের কারণে দুই ঘণ্টার কম সময়ের জন্য অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত রাখা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই পুরোনো সরঞ্জাম, প্রযুক্তিগত ত্রুটি এবং কর্মীসংকটের কারণে চাপে রয়েছে। এই অবকাঠামো পুরোপুরি আধুনিকায়নে এফএএ বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে।

গত বছর এই কাজের জন্য মার্কিন কংগ্রেস ১২৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছিল। তবে নতুন করে বিশ্বজুড়ে সৃষ্ট এই পরিস্থিতির পর এফএএ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলার অতিরিক্ত বরাদ্দ চেয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: