শনিবার ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২০:৫৫, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:০০, ১৩ নভেম্বর ২০২৬

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হলের কিশোরী লাল রায় চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন।

‎জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। সম্মেলন থেকে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পদে তপন চন্দ্র মজুমদার, সিনিয়র সহ-সভাপতি অমলেন্দু দাস অপু এবং সাধারণ সম্পাদক পদে জয়ন্ত কুমার কুন্ডুকে নির্বাচিত করে ৩ তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জন গোমেজ, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান এবং বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অ্যালামনাইদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের সঙ্গে জগন্নাথ হল গভীরভাবে সম্পৃক্ত। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সম্প্রীতির সঙ্গে বসবাস করেন। দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিভেদের রাজনীতির অবসান ঘটিয়ে সম্প্রীতির রাজনীতির ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও আমরা সবাই বাংলাদেশের নাগরিক। দেশের উন্নয়ন, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিএনপি কোনো ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না উল্লেখ করে আইনমন্ত্রী একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। সঠিক তথ্য তুলে ধরে ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য সমাজের বুদ্ধিজীবী, সাংবাদিক ও চিন্তাবিদদের প্রতি আহ্বান জানান তিনি।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: