বেসরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ
মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজের জন্য শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়। এর আগে গত ১৩ অক্টোবর সরকারি বিদ্যালয়ের ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছিল।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবশ্যিকভাবে লটারির মাধ্যমে। একই সঙ্গে মূল তালিকার সমানসংখ্যক শিক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকা প্রস্তুত রাখতে হবে। মূল তালিকা থেকে নির্ধারিত সময়ে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে আসন পূরণ করা হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নিতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৫০ নম্বরের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা, যার মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে থাকবে ২০ নম্বর।
চতুর্থ থেকে নবম শ্রেণির ১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে দুই ঘণ্টা। এই স্তরে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাই নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।
জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স যাচাইয়ে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি দিতে হবে, তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বয়সে সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় পাবে।
ভর্তি পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ এখনো মন্ত্রণালয় চূড়ান্ত করেনি। তবে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে স্থানীয় প্রতিষ্ঠানগুলো পরীক্ষার সময়সূচি ঠিক করতে পারবে।
নীতিমালায় ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর জন্য ৪০ শতাংশ এলাকাভিত্তিক বা ক্যাচমেন্ট কোটা রাখা হয়েছে। নিজস্ব প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে ওঠার ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে না।
ভর্তি ফির ক্ষেত্রে ঢাকা মহানগরের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ফি ধার্য করা যাবে। এছাড়া মফস্বলে সেশন চার্জ ও ভর্তির সর্বোচ্চ ফি ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার, জেলা সদরে ২ হাজার এবং ঢাকার বাইরের মহানগরে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


























