এনভিডিয়ার জেনসেন হুয়াংকে চাকরি দিতে আগ্রহী ইলন মাস্ক
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে নিজের কোম্পানিতে নিয়োগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক ব্যবহারকারীর প্রস্তাবের জবাবে বিশ্বের শীর্ষ ধনী এই ব্যবসায়ী জানান, হুয়াংকে নিয়োগ দিতে পারাটা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয় হবে।
৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের পেশাগত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এক ব্যবহারকারী মাস্ককে তাঁকে নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এর জবাবে মাস্ক মন্তব্য করেন, ‘এটি হবে অত্যন্ত সম্মানের বিষয়’ (That would be an honour)।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অন্তত দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিয়েছিল। এরপরই তিনি সিইও পদ থেকে পদত্যাগ করেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, এনভিডিয়ার হেলথ কেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট ৪৮ বছর বয়সী কিম্বার্লি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও প্রমাণ রয়েছে। ক্যালিফোর্নিয়ার সান হোসেতে একটি সম্মেলনের সময় তাঁদের হোটেলে একত্রে দেখা গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর জ্যেষ্ঠ নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন জেনসেন হুয়াং। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, ২০২৪ ও ২০২৫ সালে তাইপেতে তাঁদের যুগল ছবি তোলা হয়েছিল।
গত বসন্তে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক গোপন স্মারকে অভিযোগ করা হয়, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন গুপ্তচর হিসেবে কাজ করছিলেন। এই স্পর্শকাতর তথ্য প্রকাশের পর থেকেই এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বে অস্থিরতা সৃষ্টি হয়।


























