বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাশঙ্কা

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

রয়টার্স

প্রকাশিত: ১০:৫০, ১২ নভেম্বর ২০২৬

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে ফেডারেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কবার্তার আলোকে প্রাক্‌-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে। কাতারে ১৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী তিনটি দল ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা  খেলোয়াড়দের ক্লাবগুলোকে বিষয়টি জানিয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ফিফা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতারের জন্য তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণ পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়।

কাতারে ৪৮ দল নিয়ে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ আয়োজন করা হবে। ‘জে’ গ্রুপে ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের আসর শুরু করার কথা ছিল এবং এরপর চিলি ও আলজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: