শনিবার ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেইনের রেকর্ড স্পর্শের রাতে কোয়ার্টারে ইংল্যান্ড

রানার ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ১৩ নভেম্বর ২০২৬

কেইনের রেকর্ড স্পর্শের রাতে কোয়ার্টারে ইংল্যান্ড

কেইনের রেকর্ড স্পর্শের রাতে কোয়ার্টারে ইংল্যান্ড

হ্যারি কেইনের বিশেষ অর্জনের রাতে দারুণ এক জয় কুড়িয়ে নিয়েছে ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে ইংল্যান্ডের পোশাকে সর্বকালের সর্বোচ্চ ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। তিনি সাবেক গোলরক্ষক পিটার শিলটনের রেকর্ড আগেই স্পর্শ করেছিলেন। এই স্মরণীয় রাতেই জয়ের দেখা পেল তার দল।

দর্শকে পূর্ণ ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা শুরুর আগেই ইংলিশ অধিনায়ককে সম্মানিত করা হয়। প্রতিপক্ষ অধিনায়ক লুকা মদ্রিচ কেইনের হাতে একটি স্মারক তুলে দেন। এর পাশাপাশি ১২৬ লেখা একটি বিশেষ জার্সি উপহার দিয়ে কেইনকে অভিনন্দন জানান প্রিন্স অব ওয়েলস উইলিয়াম।

ম্যাচের ২৪তম মিনিটে প্রথম সাফল্য পায় ইংল্যান্ড। ডি-বক্সের ভেতর দারুণ এক শটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন মরগান রজার্স।

বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে সমতায় ফেরে সফরকারী ক্রোয়েশিয়া। কাছ থেকে নেওয়া শটে বল জালে জড়িয়ে ক্রোয়াটদের সমতায় ফেরান পিটার সুসিচ।

তবে সেই সমতা বেশি সময় স্থায়ী হতে দেননি হ্যারি কেইন। লিড হারানোর দুই মিনিটের মাথায় জ্যারেল কুয়েনসা ক্রোয়াট বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। ৩৩ বছর বয়সী কেইন স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করেন।

জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে থাকা কেইন এই গোলের মাধ্যমে নিজের আন্তর্জাতিক গোল সংখ্যা নিয়ে গেলেন ৯২-এ। ম্যাচ শেষে টটেনহ্যামের সাবেক সতীর্থ লুকা মদ্রিচের প্রশংসা করে কেইন বলেন, "তিনি আমাদের কাছে প্রেরণার নাম। কি অবিশ্বাস্য খেলোয়াড়। একইসঙ্গে তার ব্যক্তিত্বও দুর্দান্ত এবং তিনি নিজের শরীরের খুব ভালো যত্ন নিয়েছেন। তার মতো অত্যন্ত পেশাদার মানুষ ৪১ বছর বয়সেও এই পর্যায়ে খেলে যাচ্ছেন। যা তার কঠোর পরিশ্রম ও মানসিকতারই ফসল।"

এই জয়ে 'এ' লিগের তিন নম্বর গ্রুপে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থেকে শেষ আট নিশ্চিত করেছে ইংল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে স্পেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: