শনিবার ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মার্কো ইয়ানসেন

রানার ডেস্ক

প্রকাশিত: ২৩:০৫, ১৩ নভেম্বর ২০২৬

অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মার্কো ইয়ানসেন

অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মার্কো ইয়ানসেন

অস্ট্রেলিয়া সিরিজে অসামান্য নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। শুক্রবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এই পুরস্কারের কথা নিশ্চিত করে।

মাসসেরা হওয়ার দৌড়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ এবং পাকিস্তানের আরাফাত মিনহাসকে পরাজিত করেছেন। এর আগে দুর্দান্ত পারফরম্যান্সে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে টপকে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছিলেন এই প্রোটিয়া তারকা।

অজিদের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরা হন ইয়ানসেন। সিরিজে ব্যাট হাতে ২টি অর্ধশতকসহ ১৪৬ রান সংগ্রাহের পাশাপাশি বল হাতে ১০টি উইকেট নেন তিনি।

পুরো সিরিজে দক্ষিণ আফ্রিকা বিপদে পড়লেই লোয়ার মিডল অর্ডারে কার্যকর ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয় টেস্টে অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে দৃঢ় জুটি গড়ে দলের ধস ঠেকান এবং জয় নিশ্চিত করেন।

আইসিসির মাসসেরা স্বীকৃতি পেয়ে ইয়ানসেন বলেন, "আইসিসি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আমার জন্য একটি বিরাট সম্মান, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের পর। এটি আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সিরিজ ছিল এবং দলের সাফল্যে অবদান রাখতে পারাটা একে আরও বিশেষ করে তুলেছে। এই স্বীকৃতি পাওয়াটাও আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।"

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: