শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন ফারহান!

রানার ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন ফারহান!

পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের হাওয়া এবার টি-টোয়েন্টি অধিনায়কত্বেও লাগতে পারে। এশিয়ান গেমসে দলের নেতৃত্ব দেওয়া ওপেনার সাহিবজাদা ফারহানকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়ক করার বিষয়ে আলোচনা চলছে বলে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে এশিয়ান গেমসের জন্য ফারহানকেই অধিনায়ক করা হয়েছে। পিসিবির ঘোষণায় ৩০ বছর বয়সী এই ব্যাটারকে অধিনায়ক এবং আবদুল সামাদকে সহ-অধিনায়ক করা হয়েছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তরুণদের বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় একটি শক্তিশালী খেলোয়াড় পুল গড়ার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রধান কোচ মাইক হেসনও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে সালমান আলী আগার পরিবর্তে ফারহানকে দেখতে চান। তবে বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে কি না, তা পিসিবির আনুষ্ঠানিক ঘোষণায় স্পষ্ট হয়নি।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের ফেরার সম্ভাবনা কম বলে সূত্রগুলো জানিয়েছে। সিরিজটিতে কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

পিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা ৪ অক্টোবর পাকিস্তান সফরে যাবে। দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে রাওয়ালপিন্ডিতে—৯, ১১ ও ১৩ অক্টোবর।

ফারহানের জন্য এটি হবে জাতীয় দলের নেতৃত্বে আরও একটি বড় পরীক্ষা। এশিয়ান গেমসের দল ঘোষণার সময় পিসিবি জানিয়েছিল, তিনি এর আগে পাকিস্তানের হয়ে ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন এবং করেছেন ১ হাজার ৩০৫ রান।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: