বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে এক বছরের সর্বনিম্ন দামে সোনা

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ১৭ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে এক বছরের সর্বনিম্ন দামে সোনা

বিশ্ববাজারে সোনার দাম কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান, সরকারি বন্ডের সুদ বৃদ্ধি এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় চাপে পড়েছে মূল্যবান এই ধাতুর বাজার।

সোমবার (১৬ নভেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে ৩ হাজার ৮৩০ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়। ২০২৫ সালের ২ অক্টোবরের পর এটিই ছিল সর্বনিম্ন দাম। চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে ওঠার পর থেকে সোনার দাম কমেছে প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এশিয়ার বাজারে সোনার দাম সামান্য স্থিতিশীল হলেও তা এক বছরের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি ছিল। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৩ হাজার ৮৫৬ ডলার ৫২ সেন্টে লেনদেন হয়। একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৫৯ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান সোনার দামের ওপর চাপ তৈরি করছে। ডলারের দাম বাড়লে অন্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের সুদ বাড়ায় বিনিয়োগকারীদের কাছে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমছে।

বাজারে ধারণা তৈরি হয়েছে, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। এতে সোনার দাম আরও চাপে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে চলতি বছর সোনার দরপতন ২০১৫ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতনে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা এবং বিনিয়োগ তহবিলে অর্থ প্রবাহ বাজারে কিছুটা সমর্থন জোগাচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো আনুমানিক ৬৭৫ টন সোনা কিনেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: