বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূষণা রাজ্যের পরাক্রমশালী ভুঁইয়া ও কায়স্থ  সমাজের প্রতিষ্ঠাতা রাজা মুকুন্দরাম রায়

সাজেদ রহমান

প্রকাশিত: ১৭:৪০, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪০, ১৭ নভেম্বর ২০২৬

ভূষণা রাজ্যের পরাক্রমশালী ভুঁইয়া ও কায়স্থ  সমাজের প্রতিষ্ঠাতা রাজা মুকুন্দরাম রায়

বাংলার ইতিহাসে বার ভূঁইয়াদের অন্যতম পরাক্রমশালী শাসক ছিলেন রাজা মুকুন্দরাম রায়। সামান্য জমিদার থেকে নিজ বাহুবল, বীরত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিনি শক্তিশালী ভুঁইয়া হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করেন। তাঁর শাসন, সামরিক দক্ষতা, প্রজাহিতৈষণা এবং সমাজ প্রতিষ্ঠার অবদান তাঁকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।

ফতেজঙ্গপুরের একাংশ ছিল রাজা মুকুন্দরাম রায়ের রাজ্যের অন্তর্ভুক্ত। তৎকালীন ফতেয়াবাদ পরগনা, যা বর্তমানে ফরিদপুর অঞ্চলের অন্তর্গত, ভূষণা চাকলার অধীন ছিল। যশোর, খুলনা, বাকেরগঞ্জ ও ফরিদপুরের বেশ কয়েকটি পরগনা নিয়ে গঠিত হয়েছিল এই ভূষণা চাকলা। এই বিস্তীর্ণ অঞ্চলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুকুন্দরাম রায় বাংলার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন।

প্রথম জীবনে তিনি ছিলেন একজন সাধারণ জমিদার। কিন্তু অসাধারণ সাহস, নেতৃত্বগুণ ও সামরিক শক্তির মাধ্যমে ধীরে ধীরে নিজের রাজ্য বিস্তার করেন। মহাপরাক্রমশালী পাঠান ও মোগল শক্তির সঙ্গে দীর্ঘদিন লড়াই করে তিনি নিজের স্বাধীন অবস্থান বজায় রাখার চেষ্টা করেন। এভাবেই তিনি বাংলার বিখ্যাত বার ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী ভুঁইয়া হিসেবে পরিচিতি অর্জন করেন।

মোগল-পাঠান সংঘাতের সময় ফতেয়াবাদের পাঠান শাসক মোরাদ খাঁ মোগলদের বশ্যতা স্বীকার করেন। মুকুন্দরাম রায় ছিলেন মোরাদ খাঁর ঘনিষ্ঠ বন্ধু। মোরাদ খাঁর মৃত্যুর পর উড়িষ্যার শাসনকর্তা কতুল খাঁ তাঁর নাবালক পুত্রদের ওপর আক্রমণ চালালে মুকুন্দরাম রায় তাঁদের রক্ষায় যুদ্ধে অবতীর্ণ হন। তাঁর এই সামরিক তৎপরতা ও বীরত্বে সন্তুষ্ট হয়ে তৎকালীন মোগল সম্রাটের প্রতিনিধি রাজা তোডরমল্ল তাঁকে ফতেয়াবাদের অধিকাংশ অঞ্চলের শাসনকর্তৃত্ব প্রদান করেন এবং রাজা উপাধিতে ভূষিত করেন।

রাজক্ষমতা লাভের পর মুকুন্দরাম রায় প্রজাদের কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজে আত্মনিয়োগ করেন। তাঁর সদাশয়তা, প্রজাহিতৈষণা ও ন্যায়পরায়ণতায় প্রজারা তাঁর প্রতি গভীরভাবে অনুরক্ত হয়ে ওঠে। তাঁর শাসনামলে রাজকার্য পরিচালিত হচ্ছিল স্বাভাবিকভাবেই। কিন্তু বাংলার শাসনকর্তা হিসেবে সায়দ খাঁ দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। তিনি মুকুন্দরাম রায়কে শাসনক্ষমতা থেকে অপসারণ করেন। এই অপমান মেনে নিতে পারেননি বীর রাজা। তিনি মোগল শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

ফতেজঙ্গপুরে মুকুন্দরাম রায়ের বাহিনীর সঙ্গে মোগল বাহিনীর এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। কামানের গর্জন, অশ্বারোহী বাহিনীর হুংকার ও সৈন্যদের সংঘর্ষে রণক্ষেত্র প্রকম্পিত হয়ে ওঠে। সেই যুদ্ধে মুকুন্দরাম রায় বিজয়ী হন। কিন্তু বিজয়ের আনন্দ নিয়ে রাজধানীতে ফেরার পথে তিনি জানতে পারেন, তাঁর অনুপস্থিতির সুযোগে সায়দ খাঁর নিযুক্ত ফতেয়াবাদের নতুন মুসলমান শাসনকর্তা তাঁর অরক্ষিত রাজপ্রাসাদে আক্রমণ চালিয়েছেন।

এই সংবাদ পেয়ে তিনি দ্রুত রাজধানীতে ফিরে আসেন। পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই সায়দ খাঁ বিশাল সৈন্যবাহিনী নিয়ে ফতেজঙ্গপুর আক্রমণ করেন। দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। প্রবল প্রতিরোধ গড়ে তুলেও শেষ পর্যন্ত সম্মিলিত শত্রুবাহিনীর কাছে পরাজিত হন মুকুন্দরাম রায়। যুদ্ধে তিনি নিহত হন। এভাবেই বাংলার ইতিহাসে এক সাহসী ভুঁইয়া শাসকের জীবনের অবসান ঘটে।

রাজা মুকুন্দরাম রায়ের ছয় পুত্রের মধ্যে পিতৃভক্ত শত্রুজিৎ পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। দীর্ঘ লড়াইয়ের পর তিনি পরাজিত ও বন্দী হন। পরে দিল্লিতে বন্দি অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর নাম অনুসারে যশোরে ‘শত্রুজিতপুর’ নামে একটি গ্রামের অস্তিত্বের কথা ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।

রাজা মুকুন্দরাম রায় ছিলেন স্বজাতি ও সমাজের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। ফতেয়াবাদের কায়স্থ সমাজের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর বিশেষ অবদান রয়েছে। অসংখ্য কুলীন কায়স্থকে জায়গির প্রদান করে তিনি তাঁদের সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করেছিলেন। তাঁর এই স্বজাতি-হিতৈষণার পরিচয় কায়স্থ সমাজের ঐতিহাসিক বিবরণে বিশেষভাবে উঠে এসেছে।

সময়ের প্রবাহে রাজা মুকুন্দরাম রায়ের শাসনকাল ও রাজকীয় ক্ষমতার অবসান ঘটলেও তাঁর সামাজিক অবদান আজও স্মৃতিবাহক হয়ে রয়েছে। তাঁর প্রতিষ্ঠিত ‘ভূষণা সমাজ’ এবং বারেন্দ্র ব্রাহ্মণদের ‘ভূষণাপটী’ তাঁর কীর্তি ও ঐতিহাসিক উত্তরাধিকারের স্মারক হিসেবে বিবেচিত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: