বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকরণ

কলকাতার লাল বাড়িতে আড়াই শতকের ইতিহাস

সাজেদ রহমান

প্রকাশিত: ১৩:১২, ১১ নভেম্বর ২০২৬

কলকাতার লাল বাড়িতে আড়াই শতকের ইতিহাস

কলকাতার কেন্দ্রস্থলে লালদিঘির উত্তর পাড়ে দাঁড়িয়ে থাকা রাইটার্স বিল্ডিং বা মহাকরণ বাংলার ঔপনিবেশিক শাসন, শোষণ, বিপ্লব, স্বাধীনতা এবং রাজনৈতিক বিবর্তনের আড়াই শতকের ইতিহাস। একসময় ব্রিটিশ ভারতের প্রশাসনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র, পরে পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিবালয়- সময়ের পালাবদলে ভবনটির ব্যবহার বদলেছে, কিন্তু ঐতিহাসিক গুরুত্ব কমেনি। মহাকরণের গোড়ার ইতিহাস জানতে ফিরে যেতে হয় অষ্টাদশ শতকের কলকাতায়।

পলাশি ও বক্সারের যুদ্ধের পর বাংলার রাজস্ব ও প্রশাসনিক ক্ষমতা ক্রমশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কেন্দ্রীভূত হয়। কোম্পানির বাণিজ্যিক হিসাব, দাপ্তরিক চিঠিপত্র, নথি সংরক্ষণ এবং বিভিন্ন প্রেসিডেন্সির সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করতেন ‘রাইটার্স’ নামে পরিচিত ইংরেজ কেরানিরা। তাঁদের আবাসন ও কাজের উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজন থেকেই রাইটার্স বিল্ডিং নির্মাণের পরিকল্পনা হয়।

১৭৭৭ সালে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সময় বর্তমান মহাকরণের স্থানে থাকা সেন্ট অ্যানের ভগ্নপ্রায় গির্জাটি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই কাজের দায়িত্ব পান রিচার্ড বারওয়েল। এর আগে জিপিও-সংলগ্ন এলাকায় রাইটারদের জন্য কিছু অস্থায়ী কটেজ নির্মিত হয়েছিল। কথিত আছে, ১৬৯৫ সালের ২৫ জুন ভয়াবহ ঝড়ে সেগুলো ধ্বংস হয়ে যায়। ফলে স্থায়ী আবাসনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে।
বারওয়েল নির্মাণকাজের দায়িত্ব দেন স্থপতি টমাস লায়নকে। ১৭৮০ সালে ভবনটির নির্মাণ সম্পন্ন হয়। তাঁর নামেই পরবর্তীকালে মহাকরণ ও কলকাতা স্টক এক্সচেঞ্জের মধ্যবর্তী রাস্তার নাম হয় লায়নস রেঞ্জ। প্রায় ৩৭ হাজার ৮৫০ বর্গফুট এলাকাজুড়ে নির্মিত মূল ভবনটি ছিল দ্বিতল ও অত্যন্ত সাধারণ ধরনের। আবাসনের পাশাপাশি সেখানে কিছু দাপ্তরিক কাজ, গুদামঘর ও দোকানও ছিল। তরুণ ইংরেজ কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছিল। ভারতীয় ভাষা শেখার প্রয়োজনীয়তা থেকে ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজের কার্যক্রমের সঙ্গেও পরবর্তী সময়ে রাইটার্স বিল্ডিং যুক্ত হয়।

সময়ের সঙ্গে ভবনটির চেহারা বদলাতে থাকে। মূল স্থাপনাকে অক্ষত রেখে যুক্ত হয় একাধিক নতুন ব্লক। গ্রেকো-রোমান ও নিও-ক্লাসিক্যাল স্থাপত্যরীতির প্রভাব পড়ে ভবনের নকশায়। সুউচ্চ স্তম্ভ, পোর্টিকো, দীর্ঘ বারান্দা এবং বিভিন্ন পৌরাণিক চরিত্রের ভাস্কর্য ভবনটিকে দেয় স্বতন্ত্র সৌন্দর্য। ছাদের ওপর স্থাপিত রোমান দেবী মিনার্ভার মূর্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। ভবনের অলংকরণে জুপিটার, মার্কারি, সেরেস ও হেবির মতো ইউরোপীয় পৌরাণিক চরিত্রের উপস্থিতিও চোখে পড়ে।

১৮৭১ সালে রাইটার্স বিল্ডিং সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। কলকাতার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সরকারি দপ্তরগুলোকে একটি কেন্দ্রে আনার পরিকল্পনা করা হয়। তৎকালীন ভাইসরয় লর্ড মেয়োর নির্দেশে গভর্নর জেনারেল জর্জ ক্যাম্পবেল এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। আশপাশের দোকান, গুদাম ও ভাড়াটেদের সরিয়ে ভবনটির পরিসর বাড়ানো হয়। ১৮৮০ থেকে ১৯১১ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রশাসনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই মহাকরণ।

এর সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক রক্তাক্ত অধ্যায়। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে কারাবন্দিদের ওপর নির্যাতনের জন্য অভিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব প্রিজনস এন. এস. সিম্পসনকে হত্যা করেন। এরপর ব্রিটিশ পুলিশের সঙ্গে তাঁদের যে সশস্ত্র সংঘর্ষ হয়, তা ইতিহাসে ‘অলিন্দ যুদ্ধ’ নামে পরিচিত। এই ঘটনা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির সশস্ত্র প্রতিরোধের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে।

১৯৪৭ সালে দেশভাগ ও স্বাধীনতার পর মহাকরণ পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে থাকে। বিধানচন্দ্র রায় থেকে শুরু করে জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য—পশ্চিমবঙ্গের বহু মুখ্যমন্ত্রীর শাসনকালের সাক্ষী এই ভবন। অসংখ্য রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক নির্দেশ, আন্দোলন ও বিতর্কের ইতিহাস জমে আছে এর প্রতিটি অলিন্দে।

২০১৩ সালের অক্টোবর মাসে সংস্কার ও সংরক্ষণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন সরকারি বিভাগ মহাকরণ থেকে হাওড়ার নবান্ন ভবনে স্থানান্তরিত হয়। এরপর থেকে ভবনটির ঐতিহ্য সংরক্ষণ ও পুনর্ব্যবহার নিয়ে নানা আলোচনা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা এই ঐতিহাসিক স্থাপনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: