আঠারো শতকের শেষভাগে যশোরের মুহাম্মদশাহী জমিদারি ভয়াবহ আর্থিক ও প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। অতিরিক্ত রাজস্ব নির্ধারণ, জমিদারি ব্যবস্থাপনার দুর্বলতা, তালুকদারদের অনিয়ম এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুল পরিমাণ জমি অনাবাদি হয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে রাজস্ব কমানো এবং নতুন করে জমি বন্দোবস্তের উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। জেমস ওয়েস্টল্যান্ড তাঁর ‘এ রিপোর্ট অন দ্যা ডিস্ট্রিক্ট অফ যশোর’ গ্রন্থে এই সংকটের ধারাবাহিক বিবরণ দিয়েছেন।
ওয়েস্টল্যান্ডের বিবরণ অনুযায়ী, জমিদারির প্রকৃত অবস্থা যাচাই করতে সরকার কালেক্টরকে তদন্তের দায়িত্ব দেয়। তদন্তের পাশাপাশি কালেক্টর ১১৯৪ বঙ্গাব্দে (১৭৮৭ খ্রিষ্টাব্দ) মুহাম্মদশাহী এস্টেটের নতুন বন্দোবস্ত করেন। তিনি সমগ্র জমিদারিকে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য পৃথকভাবে খাজনা নির্ধারণ করেন। সব মিলিয়ে বার্ষিক রাজস্বের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৬৫ হাজার ৩৯০ টাকা। আগের বছরের তুলনায় এই রাজস্ব প্রায় ২০ হাজার টাকা কমানো হয়েছিল। কিন্তু কমানো রাজস্বও আদায় করা সম্ভব হয়নি।
কালেক্টরের নির্ধারিত রাজস্ব পরিশোধ করতে গিয়ে কৃষকদের চরম অসুবিধার মুখে পড়তে হয়। তাঁরা নিজেদের পকেট থেকে ৯ হাজার টাকা পরিশোধ করার পরও ৭ হাজার ২০০ টাকা বকেয়া থেকে যায়। অথচ ওই বছর জমিদারদের এস্টেট পরিচালনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তারপরও বকেয়া রাজস্বের দায় তাঁদের ওপর চাপানো হয়। সরকার সিদ্ধান্ত নেয়, প্রয়োজনে জমিদারদের কাছ থেকে এই বকেয়া আদায় করা হবে, অথবা কৃষকদের কাছ থেকে তা আদায় করে জমিদারদের ওপর আদায়ের দায়িত্ব ছেড়ে দেওয়া হবে। ওয়েস্টল্যান্ড এই সিদ্ধান্তকে বিশেষভাবে কঠোর বলে উল্লেখ করেছেন। কারণ, ওই বছর এস্টেটটি ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পরও কৃষকদের ওপর রাজস্বের চাপ অব্যাহত ছিল।
এদিকে কালেক্টর জমিদারির অধীনে হস্তান্তরিত জমি ও তালুকগুলোর প্রকৃত অবস্থা অনুসন্ধান করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। কৃষক ও তালুকদারদের মধ্যে এক ধরনের যোগসাজশ ছিল। যে-সব জমি পুনর্মূল্যায়নের আওতায় আসতে পারে, সেসব জমির প্রকৃত মালিকানা ও স্বত্বের তথ্য তাঁরা গোপন করতেন। ফলে কালেক্টরের পক্ষে সঠিক হিসাব বের করা কঠিন হয়ে পড়ে। জমিদারি দপ্তরের পুরোনো নথিপত্রও নির্ভরযোগ্য ছিল না। সেগুলো ১৭৮৮ সালের বাস্তব অবস্থার পরিবর্তে ১৭৭২ সালের পুরোনো পরিস্থিতির প্রতিফলন ঘটাচ্ছিল।
তদন্তে কালেক্টর জমিদারির দেউলিয়া হওয়ার কয়েকটি কারণ চিহ্নিত করেন। তিনি মনে করেন, অতিরিক্ত রাজস্বের হার কিছুটা কমিয়ে নতুন করে বন্দোবস্ত করা প্রয়োজন। তাঁর প্রস্তাব ছিল, সাধারণ জমির জন্য পূর্বের ১ শিলিং ৮ পেন্সের পরিবর্তে ১ শিলিং ৬ পেন্স এবং অতিরিক্ত কর বা ‘কর’ ৭ আনার পরিবর্তে ৬ আনা নির্ধারণ করা। তবে তিনি রায়তদের প্রচলিত খাজনা সরাসরি কমানোর প্রস্তাব দেননি। বরং পুরোনো খাজনার হার বজায় রেখে তাঁদের নতুন জমি দিয়ে চাষাবাদে উৎসাহিত করতে চেয়েছিলেন। নতুন করে অনাবাদি জমি আবাদ করলে সংশ্লিষ্ট রায়তদের জন্য বিশেষ সুবিধাজনক শর্ত দেওয়ার কথাও তাঁর প্রস্তাবে ছিল।
জমিদারির অনাবাদি জমির পরিমাণ যে কতটা ভয়াবহ ছিল, কালেক্টরের দেওয়া পরিসংখ্যান থেকেই তার ধারণা পাওয়া যায়। জমিদারি দপ্তরের হিসাবের ভিত্তিতে হস্তান্তরিত তালুকগুলোর জমির পরিমাণ তিনি উল্লেখ করেন। তাঁর হিসাব অনুযায়ী, এসব তালুকে আবাদি জমির পরিমাণ ছিল ৭৬ হাজার ৫৫৮ বিঘা। অন্যদিকে অনাবাদি জমির পরিমাণ ছিল ১ লাখ ৪০ হাজার ৬১১ বিঘা। অর্থাৎ আবাদি জমির তুলনায় অনাবাদি জমির পরিমাণ ছিল প্রায় দ্বিগুণ। এই পরিসংখ্যান মুহাম্মদশাহী জমিদারির কৃষি ও অর্থনৈতিক দুরবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।
কিন্তু কালেক্টরের প্রস্তাবিত সুবিধাজনক শর্তেও অনাবাদি জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১৭৯১ সালে তৎকালীন কালেক্টর মিস্টার রুক আরও উদার প্রস্তাব দেন। তিনি নতুন করে জমি আবাদে উৎসাহিত করার জন্য প্রথম তিন বছর খাজনা মওকুফ এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে খাজনা বৃদ্ধির সুপারিশ করেন। এতে অনাবাদি জমি কৃষিকাজের আওতায় আসবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ততদিনে ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর হয়ে গেছে। ফলে বোর্ড অব রেভিনিউ মিস্টার রুকের প্রস্তাব বিবেচনার সময় জানিয়ে দেয়, নতুন বন্দোবস্তের শর্ত অনুযায়ী এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জমিদারের নিজের।
ওয়েস্টল্যান্ডের বিবরণে মুহাম্মদশাহী জমিদারির চার-পঞ্চমাংশ অংশের পাশাপাশি অবশিষ্ট এক-পঞ্চমাংশ অংশের কথাও এসেছে। বৃহত্তর অংশের মতো ছোট অংশটিও অতিরিক্ত রাজস্ব নির্ধারণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এর জমিদারি ব্যবস্থাপনা তুলনামূলকভাবে ভালো থাকায় ক্ষতির মাত্রা কম ছিল। বৃহত্তর অংশের জমিদারি প্রাণ বসুর মতো ব্যক্তির নিয়ন্ত্রণে থাকলেও ছোট অংশটি সরাসরি জমিদারের পরিচালনায় ছিল। এ কারণে দুই অংশের সংকটের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়।
ছোট অংশটির রাজস্বও ১১৯২ বঙ্গাব্দের (১৭৮৫-৮৬ খ্রিষ্টাব্দ) দিকে কমাতে হয়েছিল। কিন্তু জমিদার নির্ধারিত রাজস্বকে অতিরিক্ত মনে করে বন্দোবস্ত করতে অস্বীকার করেন। পরে জমিদারিটি ইজারা বা ফার্মের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু সেখানেও কৃষকের কাছ থেকে ৯ হাজার টাকা রাজস্ব বকেয়া থেকে যায়। বৃহত্তর এস্টেটের মতোই বোর্ড অব রেভিনিউ জমিদারের মালিকানা-সংশ্লিষ্ট ভাতার অংশের অর্থ দিতে অস্বীকার করে।
পরবর্তী সময়ে চিরস্থায়ী বন্দোবস্তের সময় মুহাম্মদশাহী জমিদারির উভয় অংশের রাজস্ব নির্ধারণ আরও কমানো হয়েছিল, যদিও ওয়েস্টল্যান্ডের বিবরণে এই হ্রাসকে অন্তত সাময়িক বলে উল্লেখ করা হয়েছে।


























