হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার যাবতীয় আইনি পদক্ষেপ চূড়ান্ত করেছে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় উপস্থিত হয়ে মন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানবতাবিরোধী সব অপরাধের বিচারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার বর্তমানে সেই পথেই এগোচ্ছে।
দলগতভাবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীন তদন্ত দল ও প্রসিকিউশন যে প্রক্রিয়ায় কার্যক্রম চালাচ্ছে, সেখানে সরকার কোনো ধরনের নাক গলায় না। প্রয়োজন অনুযায়ী স্বাধীনভাবেই তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন ওনারা কী করবেন সেটা ওনাদের বিষয়।”
দেশে এনে বিচারের মুখোমুখি করার পর তিনি আপিলের সুযোগ পাবেন কি না—এ বিষয়ে আইনমন্ত্রী জানান, এক্সট্র্যাডিশন বা বন্দিবিনিময় চুক্তির ভিত্তিতে ফেরত আনা একটি সম্পূর্ণ আইনি ধারা। সংশ্লিষ্ট বিশেষ আইনে বিচার বিলম্বিত করার কোনো আইনি সুযোগ রাখা হয়নি।
সংবিধানের উদ্ধৃতি দিয়ে তিনি আরও উল্লেখ করেন, ১৯৭৩ সালের সংশোধিত সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা মৌলিক অধিকারের দাবি করতে পারবেন না। আইনমন্ত্রী স্মরণ করিয়ে দেন, এই বিধান তাদের শাসনামলেই প্রণয়ন করা হয়েছিল।


























