দুর্নীতির দায়ে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হওয়ায় সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা স্বাক্ষর করেছেন। এতে অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
রায়হান হাবিব পূর্বে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে একই পদে নিয়োজিত ছিলেন।
তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ০৬/২০২৬ নম্বরের একটি বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
অভিযোগের গুরুত্ব ও সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধি এবং সরকারি চাকরি আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় বলে আদেশে উল্লেখ রয়েছে।
সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন।


























