নিজের বাড়িতে কিছুই করার অনুমতি নেই: শাহরুখ খান
বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে তিনি বলিউড বাদশাহ হিসেবে সমাদৃত হলেও নিজের অন্দরমহলে তাঁর কোনো মতামত চলে না বলে জানিয়েছেন শাহরুখ খান। সম্প্রতি দুবাইয়ে একটি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্ত্রী গৌরী খানকে নিয়ে এ রসিকতা করেন তিনি।
দুবাইয়ের ওই আবাসন প্রকল্পের অন্দরসজ্জা ও নকশার দায়িত্বে ছিলেন গৌরী খান। অনুষ্ঠানের সঞ্চালক শাহরুখের কাছে জানতে চান, নিজের ঘরে এমন কোনো কাজ আছে কি না যা করার অনুমতি তিনি পান না।
উত্তরে শাহরুখ কৌতুক করে বলেন, ‘নিজের বাড়িতে আমি কিছুই করতে পারি না।’
অভিনেতা আরও জানান, ‘বাড়িতে গৌরীর পছন্দ নিয়ে কোনও কথা বলা চলে না। ওয়াই-ফাই কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়ার অনুমতি নেই। বাড়ির রং, দেওয়ালে টাঙানো ছবি, সিঁড়ি, লিফ্ট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা, কোনও কিছু নিয়েই মন্তব্য করা যায় না। শুধু চুপচাপ বসে থাকতে হয়। আর বলতে হয়, গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ।’
দুবাইয়ের নতুন বাসস্থান নিয়ে শাহরুখ বলেন, ‘এখানে এলেও আমাকে একই কথা বলতে হবে যে, গৌরী, কী সুন্দর পেন্টহাউজ বানিয়েছ।’
সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তের কথা টেনে তিনি আরও যোগ করেন, ‘বাড়ির বাইরে অবশ্য আমি, আরিয়ান এবং সুহানা নিজেদের মতো আনন্দ করি। কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আমাদের আর কোনও স্বাধীনতা থাকে না।’


























