অর্জুন দত্তের থ্রিলারে প্রথমবার জয়া ও শ্রাবন্তী
টালিউডের পরিচিত নির্মাতা অর্জুন দত্তের নতুন রহস্যধর্মী থ্রিলার চলচ্চিত্র ‘আরএসভিপি মার্ডার’-এ অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এই পরিচালকের সঙ্গে এটিই জয়ার প্রথম কাজ।
এই থ্রিলারে জয়ার পাশাপাশি দেখা যাবে টালিউডের আরেক পরিচিত মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এর মাধ্যমে পর্দায় প্রথমবার একসঙ্গে হাজির হবেন জয়া ও শ্রাবন্তী।
পাহাড়ের প্রেক্ষাপটে গড়ে ওঠা এক রহস্যঘেরা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প নির্মিত হয়েছে। একটি আনন্দ-উৎসবের মাঝে আচমকা আসা এক বার্তা গোটা পরিস্থিতি বদলে দেওয়ার পর শুরু হবে তদন্তের জটিল পর্ব।
নতুন এই চলচ্চিত্র নিয়ে জয়া আহসান জানান, এটি একটি থ্রিলার ঘরানার কাজ এবং তাঁর অভিনয় করা চরিত্রটি বেশ আকর্ষণীয়। দর্শকেরা এই চলচ্চিত্রে তাঁকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে তিনি আশাবাদী।
পরিচালক অর্জুন দত্তকে পছন্দের নির্মাতা উল্লেখ করে জয়া বলেন, "খুব ভালো ভালো কাজ করেছেন উনি। 'ডিপ ফ্রিজ' সিনেমায় জাতীয় পুরস্কার পেয়েছেন। আশা করছি, আমাদের কোলাবেরশন দারুণ হবে।"
পারিবারিক সম্পর্কের সিনেমা তৈরি করে প্রশংসিত অর্জুন জানান, পরিচালক হিসেবে তিনি সব ধরনের কাজ করতে চান। অনেক আগে থেকে থ্রিলার বানানোর ইচ্ছা থাকলেও এবারই প্রথম তা বাস্তবায়ন করতে পারছেন।
চলচ্চিত্রটিতে আরও গুরুত্বপূর্ণ নানা চরিত্রে অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীক্ষা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝা।
শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুরু হবে সিনেমাটির শুটিং।


























