সদস্যপদ স্থগিতের পর ফেসবুক লাইভে মুখ খুললেন তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুটিং সেটে মারধরের অভিযোগ নিয়ে দুজনের মধ্যে যে বিরোধ চলছিল, এই সিদ্ধান্তে তা নতুন দিকে মোড় নিল।
সংগঠনের সিদ্ধান্তের পর শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন তিশা। প্রায় ২৫ মিনিটের এই লাইভে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা ও সাম্প্রতিক বিতর্কগুলো নিয়ে নিজের অবস্থান জানান।
তিশা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা আমাদের সমালোচিত করে। আমরা যারা কাজ দিয়ে টিকে থাকতে চাই, তাদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে। একটা জায়গায় কাজ করতে গেলে অনেকের সঙ্গে মতের অমিল হতে পারে, ঝামেলাও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমি আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে সব বলে দেব কিংবা সাংবাদিকদের জানাব, যাতে কারও ক্যারিয়ারের ক্ষতি হয়।’
গত এক বছরে তাকে ঘিরে ওঠা বিভিন্ন বিতর্ক নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি–কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’
সামিয়া অথৈর সঙ্গে শুটিং সেটের ঘটনার কথা তুলে তিশা বলেন, ‘পুতুলের বিয়ে’ নাটকে একজন মহান শিল্পী আছেন। তার সঙ্গে আমার একটা সমস্যা হয়েছিল। পুরো শুটিং সেটের সবাই সেই ঘটনার সাক্ষী। কী হয়েছে, কী হয়নি, সবাই দেখেছেন।’
এই নাটকে মানসিক প্রতিবন্ধী এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিশা। তার দাবি, নাটকের ওই দৃশ্য দেখলেই সেদিন আসলে কী ঘটেছিল, তা দর্শকের কাছে পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেন, ‘আমার পাগলের চরিত্র তো আমি করেছি। নাকি আরেকজন পাগলের চরিত্র করেছে, সেটাও আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। দৃশ্যটি দেখলেই বুঝবেন, কে আসলে ইম্প্রোভাইজ করেছে। নির্যাতনের যে দাবি করা হয়েছে, সেটাও আপনারা বুঝতে পারবেন।’
লাইভে সালিশ বৈঠকের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন তিশা। তিনি জানান, বৈঠকে দুই অভিনেত্রীকেই ক্ষমা চেয়ে বিবৃতি দিতে এবং একটি ভিডিও বার্তা পাঠাতে বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।
তিশার ভাষায়, ‘বলা হয়েছিল, আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিও বার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্য পদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’
বিরোধের শুরু গত ৩ মার্চ, মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদারের একটি নাটকের শুটিংয়ের সময়। সেদিনই ফেসবুক লাইভে এসে তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন সামিয়া অথৈ। তিশা অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজনেই দৃশ্যটি ধারণ করা হয়েছিল। সেই বিরোধের জের ধরেই শেষ পর্যন্ত দুজনের সদস্যপদ স্থগিত করল সংগঠনটি।


























