রোববার ০৮ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫৭, ৮ নভেম্বর ২০২৬

পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ

পরীমনির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ

আদালত চত্বরে সাংবাদিককে হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। পরীমনির পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানাতেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ভবিষ্যতে সব ধরনের আপত্তিকর সংলাপ, হুমকি, অশ্লীল অঙ্গভঙ্গি ও অভিনয় এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে অভিনেত্রীকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এ ছাড়া শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন কোনো কর্মকাণ্ড কোনো ধরনের মাধ্যমে ধারণ ও প্রকাশ না করারও নির্দেশ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও হুমকির মামলায় পরীমনি আত্মসমর্পণ করে জামিন নেন।

আদালত থেকে বের হওয়ার সময় তিনি এক গণমাধ্যমকর্মীর মোবাইল ফোন কেড়ে নিয়ে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তারক্ষীদের ধাক্কায় সেখানে উপস্থিত এক বিচারপ্রার্থী মাথায় আঘাত পেয়ে আহত হন।

সেদিন পরীমনির উপস্থিতিকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল। এর আগের দিন আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: