গিনিতে স্বর্ণ খনি নিষেধাজ্ঞা নিয়ে সংঘর্ষে নিহত ১০
পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে কারিগরি স্বর্ণ খনন নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১৩ জন আহত হয়েছেন।
দেশটির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয় জানায়, সিগিরি অঞ্চলের বালাতো এলাকায় অবৈধ ও অনিয়ন্ত্রিত স্বর্ণ খনন বন্ধে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী একটি টহল পরিচালনা করছিল। সে সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয় এবং গোলাগুলি শুরু হয়।
নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া আহতদের মধ্যে বেসামরিক অধিবাসী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন।
সহিংসতার খবর জানিয়ে গিনি সরকার জানায়, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর একটি ট্রাকসহ দুটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেলও ছিনিয়ে নেওয়া হয়।
এই ঘটনার সঠিক কারণ এবং দায় নির্ধারণের উদ্দেশ্যে ইতিমধ্যে দেশের বিচার বিভাগকে প্রয়োজনীয় আইনগত তদন্ত সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃষিজমি, বনাঞ্চল রক্ষা ও নদী দূষণ ঠেকানোর অজুহাতে গত ২ নভেম্বর সিগিরি এলাকায় কারিগরি স্বর্ণ খনন নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। তবে এই সিদ্ধান্তের পর কাজ হারিয়ে হাজার হাজার মানুষ প্রতিবেশী দেশে পাড়ি জমিয়েছেন।
প্রতিবেশী মালি জানিয়েছে, গিনির এই নিষেধাজ্ঞার কারণে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ মালির ভূখণ্ডে প্রবেশ করেছেন। অন্যদিকে বুরকিনা ফাসো তাদের ৪৫ হাজার ৪০৬ জন নাগরিককে গিনি থেকে ফিরিয়ে এনেছে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির তথ্য অনুয়াযী, গিনিতে তিন লাখের বেশি মানুষ জীবনধারণের জন্য স্বর্ণ খননের ওপর নির্ভর করেন। চলতি মাসের শুরুতে অবৈধ খননের অভিযোগে ১ হাজার ২০০-র বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।


























