বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:০১, ১৭ নভেম্বর ২০২৬

শার্শায় বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

শার্শায় বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগ এবং যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শার্শা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে শার্শা থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আব্দুল লতিফ ধাবকের ছেলে শফিক মাহমুদ ধাবক (৪৩), লক্ষণপুর ইউনিয়নের মৃত আব্বাস আলীর ছেলে আমিনুর রহমান (৫২) এবং ডিহি ইউনিয়নের মৃত ইয়াকুব আলীর ছেলে বজলুর রহমান (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শফিক মাহমুদ ধাবক শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া আমিনুর রহমান ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং বজলুর রহমান ১ নম্বর ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে তাঁদের জড়িত থাকার তথ্য মেলে। সেই সূত্র ধরে তাঁদের সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চালানো হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: