বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় প্রায় সাড়ে তিন লাখ কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্য

রানার ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ নভেম্বর ২০২৬

খুলনায় প্রায় সাড়ে তিন লাখ কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্য

খুলনায় প্রায় সাড়ে তিন লাখ কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্য

খুলনা জেলায় কৃষকদের আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আনতে ৩ লাখ ৪৭ হাজার ৩৩২ জনকে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে বর্তমানে মুঠোফোন অ্যাপসের মাধ্যমে দ্রুত তথ্য সংগ্রহের কাজ এগিয়ে চলছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।

সভায় জেলা প্রশাসক সব হাসপাতালে অগ্নিনিরাপত্তা জোরদার করা এবং ওএমএস কার্যক্রমে তদারকি বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে দাকোপ উপজেলার পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের তাগিদ দেন জেলা প্রশাসক। সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান জানান, জেলায় হাম ও ডেঙ্গুর প্রকোপ এখন কমে আসছে এবং প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযানের তথ্য তুলে ধরে জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান, নিষিদ্ধ সময়ে গত এক মাসে ৩৯টি ভ্রাম্যমাণ আদালত ও ১৩৪টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে জব্দ করা ১২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজাসহ কমিটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: