সোমবার ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফলনে খুশি কৃষক, যাচ্ছে সারা দেশে

যশোরের মাঠজুড়ে লাল টমেটো

উবাঈদ সামি

প্রকাশিত: ১৩:১২, ১৫ নভেম্বর ২০২৬

যশোরের মাঠজুড়ে লাল টমেটো

শীতের শুরুতেই যশোরের মাঠজুড়ে পাকা টমেটোর লালিমা। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল ও আধাপাকা টমেটো। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যায় এ বছর জেলায় টমেটোর ভালো ফলন হয়েছে। ক্ষেত থেকে টমেটো তোলা, বাছাই ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ফলন ও বাজারদর নিয়ে তাঁদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি।

যশোর সদর, চৌগাছা, ঝিকরগাছা, শার্শা ও মণিরামপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমিতে টমেটোর আবাদ হয়েছে। কোথাও কৃষকেরা গাছ থেকে টমেটো তুলছেন, কোথাও ঝুড়ি ও ক্যারেটে ভরে বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। পাইকারেরা অনেক ক্ষেত থেকেই সরাসরি টমেটো কিনে নিচ্ছেন।

সদর উপজেলার আমদাবাদ গ্রামের কৃষক আমির আলী বলেন, ‘চলতি শীত মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাইয়ের প্রকোপ কম হওয়ায় ফলন বেশ ভালো হয়েছে। গত বছরের তুলনায় এবার দামও কিছুটা ভালো পাচ্ছি। পাইকাররা ক্ষেত থেকেই সরাসরি টমেটো কিনে নিয়ে যাচ্ছেন। ফলে পরিবহন খরচ ও ভোগান্তি দুটোই কম হচ্ছে।’

চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম বলেন, ‘এ বছর বিঘাপ্রতি জমিতে টমেটো চাষে খরচ কিছুটা বেশি হলেও বাম্পার ফলন ও বর্তমান বাজারদর দেখে সব কষ্ট দূর হয়ে গেছে। ক্ষেতের টমেটো দেখতে যেমন সুন্দর, তেমনি বাজারেও এর চাহিদা অনেক।’

চুরামনকাটি বাজারের আড়তদার আলমগীর হোসেন বলেন, ‘এ বছর টমেটোর আমদানি অনেক বেশি। যশোরের টমেটো রং, স্বাদ ও আকারে ভালো হওয়ায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন। প্রতিদিন শত শত মণ টমেটো এখান থেকে ট্রাকে করে চলে যাচ্ছে। কৃষক ও ব্যবসায়ী উভয়েই এবার লাভবান হচ্ছেন।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের সূত্রে জানা যায়, জেলার মাটি ও আবহাওয়া শীতকালীন সবজি চাষের জন্য উপযোগী। টমেটো চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘যশোরের মাটি ও আবহাওয়া টমেটো চাষের জন্য খুবই উপযোগী। এবার আমরা কৃষকদের উন্নত জাতের বীজ, সঠিক সময়ে সার ও সেচ প্রয়োগ এবং পোকা দমনে জৈব পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছি। ফলে ফলন ভালো হয়েছে এবং উৎপাদন খরচও কমেছে। কৃষকেরা যাতে ন্যায্য দাম পান, সে জন্য বাজার সংযোগের বিষয়েও আমরা কাজ করছি।’
স্থানীয় বাজারগুলোতে দেশি ও হাইব্রিড জাতের টমেটোর সরবরাহ বেড়েছে। যশোরে উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে পাঠানো হচ্ছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর ইসলাম বলেন, ‘টমেটো শুধু তরকারির উপকরণ নয়, এটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে ভিটামিন সি, ভিটামিন এ, লাইকোপিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান শরীরের জন্য উপকারী। টমেটো ত্বক ও চোখের জন্যও ভালো। তবে পুষ্টিগুণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে নিরাপদ পদ্ধতিতে টমেটো উৎপাদন করা জরুরি।’

যশোরের মাঠে টমেটোর এই উৎপাদন মৌসুমি সবজি চাষে জেলার সম্ভাবনাকে তুলে ধরছে। তবে উৎপাদনের পাশাপাশি কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা এবং নিরাপদ সবজি বাজারজাত করতে পারলে এ খাতের অর্থনৈতিক সুফল আরও বাড়বে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: