সোমবার ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষির পাঠ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ

প্রকাশিত: ১২:৫৮, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৯, ১৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষির পাঠ

কৃষির মাঠই তাঁদের শ্রেণিকক্ষ, আর কৃষক-কৃষাণীরাই শিক্ষার্থী। হাতে বই-খাতা, চোখেমুখে নতুন কিছু শেখার আগ্রহ। কেউ শিখছেন নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল, কেউ পুষ্টিবাগান গড়ে তোলার পদ্ধতি। আবার কেউ জানছেন কম খরচে বেশি ফলন পাওয়ার আধুনিক প্রযুক্তি। এমনই ব্যতিক্রমী উদ্যোগ ‘পার্টনার ফিল্ড স্কুল’। প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এখানে নেই চার দেয়ালের শ্রেণিকক্ষ, নেই বয়সের বাধা। অভিজ্ঞতার সঙ্গে আধুনিক জ্ঞানের সমন্বয়ে কৃষিকে আরও উন্নত, পুষ্টিসমৃদ্ধ ও পরিবেশবান্ধব করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামে এ কার্যক্রম পরিচালনা করছে সদর উপজেলা কৃষি অফিস। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সী প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও বানিয়াকান্দর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানারা খাতুন।

পার্টনার ফিল্ড স্কুলে পাঠদানের পাশাপাশি চলে প্রশ্নোত্তর, আলোচনা ও হাতে-কলমে শেখার কার্যক্রম। প্রশিক্ষকের প্রশ্নের উত্তরে কৃষক-কৃষাণীরা তুলে ধরেন তাঁদের দীর্ঘদিনের কৃষি অভিজ্ঞতা। কোনো বিষয়ে ভুল থাকলে তা সংশোধন করে দেওয়া হয়। সঠিক উত্তরে বাড়ে তাঁদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস। এ স্কুলের পাঠ শুধু ফসল উৎপাদনে সীমাবদ্ধ নয়। শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব চাষাবাদ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং কৃষিকে ঘিরে উদ্যোক্তা হওয়ার কৌশল। ফলে কৃষিকাজের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও বাড়তি আয়ের সম্ভাবনাও তৈরি হচ্ছে।

প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে অনেক কৃষাণী বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সবজিবাগান। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মিলছে বাড়তি সবজি। অন্যদিকে, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ করে কম খরচে বেশি ফলন পাওয়ার কৌশল শিখছেন কৃষকেরা। এতে উৎপাদন খরচ কমিয়ে লাভ বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

বানিয়াকান্দর গ্রামের কৃষাণী বিথী খাতুন বলেন, ‘আগে নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী চাষাবাদ করতাম। এখন প্রশিক্ষণের মাধ্যমে সার, বীজ ও ফসলের পরিচর্যা সম্পর্কে নতুন নতুন বিষয় জানতে পারছি। সঠিক নিয়মে চাষাবাদ করায় কম খরচে ভালো ফলন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

কৃষক রিপন হোসেন বলেন, ‘এ স্কুল থেকে পুষ্টি ও সবজি চাষের বিষয়ে অনেক কিছু শিখেছি। সেই জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। এতে অল্প খরচে ফসল উৎপাদন ও বেশি ফলন পাচ্ছি।’
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী নিশিতা বিশ্বাস বলেন, ‘পার্টনার ফিল্ড স্কুল থেকে ফসলের প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ, রোগবালাই দমন ও মাটির স্বাস্থ্য রক্ষার কৌশল শিখছি। এতে অযথা খরচ কমানোর পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদনেও উৎসাহ পাচ্ছি।’

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘প্রান্তিক কৃষক-কৃষাণীদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে ধারণা দিতেই পার্টনার ফিল্ড স্কুলের আয়োজন করা হচ্ছে। কৃষকেরা যেন নিজেদের অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কম খরচে বেশি উৎপাদন করতে পারেন, সেটিই এ কার্যক্রমের মূল লক্ষ্য। পাশাপাশি কৃষির মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

কৃষির উন্নয়নে উর্বর মাটি, উন্নত বীজ ও পর্যাপ্ত সেচের পাশাপাশি প্রয়োজন জ্ঞান ও দক্ষতা। সেই লক্ষ্যেই মাঠের এই পাঠশালায় কৃষক-কৃষাণীদের শেখার সুযোগ তৈরি হচ্ছে। অভিজ্ঞতার সঙ্গে আধুনিক জ্ঞানের সমন্বয়ে চাষাবাদে পরিবর্তনের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, পারিবারিক পুষ্টি ও কৃষিতে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাও বাড়ছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: