সোমবার ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৭, ১৫ নভেম্বর ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার, কাহিনীকার ও সংলাপ রচয়িতা—যশোরের কৃতি সন্তান মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার (১৪ নভেম্বর) রাতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জিন্নাত আরা জামান।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। গত বৃহস্পতিবার থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। বিশেষ করে শনিবার রাতে প্রচণ্ড পেটব্যথা শুরু হলে রাতেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

শারীরিক অবস্থার বিষয়ে জিন্নাত আরা জামান জানান, "ওনার অবস্থা বেশ খারাপ। তিনি কিছু মনে রাখতে পারছেন না এবং কথা জড়িয়ে যাচ্ছে। পরীক্ষার প্রতিবেদনগুলোও ভালো আসেনি।" চিকিৎসকদের একটি বৈঠকের পর তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা প্রকাশ করে প্রখ্যাত এই গীতিকারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী। এর আগে চলতি মাসের শুরুতে তাঁর ভার্টিগো রোগ শনাক্ত হয়েছিল এবং পড়ে গিয়ে শারীরিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।

জন্ম ও শেকড়:
১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার লক্ষ্মীপুরের ফুরসুন্দিতে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফিকউজ্জামান। তবে তাঁর পৈতৃক বাড়ি যশোর জেলার সদর উপজেলার খড়কীতে। বাবা শাহাদাত আলী ও মা সাজেদা খাতুন। তিনি যশোর জিলা স্কুল থেকে এসএসসি, সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন:
১৯৬৮ সালে বাংলাদেশ বেতারে চাকুরিতে যোগ দিয়ে তিনি ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৪ সালে লন্ডনের চ্যানেল এস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ২০০৭ সালে বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠান প্রধান হিসেবে কাজ শুরু করেন।

গান ও সাহিত্যচর্চা:
আধুনিক বাংলা গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ রফিকউজ্জামান। কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্যচর্চা শুরু করলেও পরবর্তীতে গানের কথা লিখে দেশজুড়ে পরিচিতি পান। ১৯৬৫ সাল থেকে বেতারে নিয়মিত গান লেখার পাশাপাশি ১৯৭৩ সাল থেকে তিনি চলচ্চিত্রের জন্য নিয়মিত গান লিখছেন। তাঁর প্রকাশিত গানের সংখ্যা প্রায় দুই হাজার এবং প্রায় শতাধিক চলচ্চিত্রের জন্য গান লিখেছেন তিনি। এ ছাড়া ১৯৬১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত মঞ্চ, বেতার ও টেলিভিশনের জন্য শতাধিক নাটক লিখেছেন ও অভিনয় করেছেন।

গীতিকার পরিচয়ের পাশাপাশি চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবেও তাঁর রয়েছে ঈর্ষণীয় খ্যাতি। অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ২০২৪ সালে মর্যাদাপূর্ণ 'স্বাধীনতা পদক' এ ভূষিত করা হয়।

তাঁর লেখা জনপ্রিয় অসংখ্য গানের মধ্যে রয়েছে—‘সেই রেললাইনের ধারে মেঠোপথটার পারে দাঁড়িয়ে’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’, ‘কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল’, ‘পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়’, ‘আমার মত এত সুখি নয় তো কারও জীবন’, ‘তোমার হাতপাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে’, ‘আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো’, ‘নদী চায় চলতে তারা চায় জ্বলতে’ এবং ‘কি যাদু করেছো বলো না’ প্রভৃতি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: