সোমবার ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে চাঁদের কণা, দূর হোক কচুরিপানা

মির্জা নওশা

প্রকাশিত: ১৩:৫৩, ১৫ নভেম্বর ২০২৬

নদীতে চাঁদের কণা, দূর হোক কচুরিপানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন টগবগে সুন্দরী তরুণী মেহজাবিন তৃষা কিছু করে দেখাতে চায়। আর তাই শহরের দূষিত, কলুষিত নদীকে রমণীর মতো সুন্দর করে তুলতে চায় সে! আর যেমন ভাবনা, ঠিক তেমনি কাজে নেমে গেল তৃষা। নিজেই নদীতে ঝাঁপিয়ে পড়ে পরিষ্কার করতে লাগল কচুরিপানা, আবর্জনা।

সুন্দরী মেয়েদের সবাই-ই পছন্দ করে। আর মেহজাবিন তৃষা তার নামের মতোই সুন্দর। এক্ষেত্রেও কেউ পিছপা হলো না। বিশেষ করে যুবক শ্রেণি, সঙ্গে নারী-বৃদ্ধ, সবাই এই কাজে ঝাঁপিয়ে পড়ল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৃষা আর তৃষা!

এদিকে চল্লিশোর্ধ্ব কবি তৃষার রূপে মুগ্ধ। আর তাই নিজের ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে তৃষাকে আরও জনপ্রিয় করে তুলতে লাগলেন। যদি তৃষা নামের মেয়েটার দৃষ্টি আকর্ষণ করা যায়! ব্যাপারটা ধরতে পেরে বিপ্লবে ফেটে পড়লেন কবির অন্যতম কমরেড বা সাথি, হাসান শাহরিয়ার।

মেহজাবিন তৃষার বিরুদ্ধে, তার পপুলিজমের (জনপ্রিয়তাবাদ) বিরুদ্ধে—তৃষার এই এনজিও মার্কা কাজ দেখে নিজের ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে শহরটা গরম করে তুলল সে।

সারা শহরের মানুষ, বিশেষ করে যুবক শ্রেণি যেখানে তৃষাকে নিঃশর্ত সমর্থন দিচ্ছে, প্রতিদিন সাংবাদিকরা তার সাক্ষাৎকার ছাপছেন, ফেসবুকে একের পর এক ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, ফলোয়ার বাড়ছে হাজার হাজার, সেখানে হাসান শাহরিয়ারের এই বিরূপ সমালোচনা মানতে পারে না তৃষা।

ক্ষ্যাপাটে তৃষা কাকভোরেই হাসান শাহরিয়ারের ফেসবুকে নক করেই ক্ষান্ত হলো না; সরাসরি ফোন করে তার সঙ্গে দেখা করল। কিন্তু বিপ্লবী কমরেড হাসান শাহরিয়ার সুন্দরীকে দেখে দমল না। সাকিব খানের মতোই তৃষাকে ভর্ৎসনা করল ইংরেজি-বাংলা মিশিয়ে। সুন্দরী তৃষা ছোটবেলা থেকেই সবার প্রশংসা পেতে অভ্যস্ত। তাই সে হাসানের কথা সহ্য করতে পারল না। সেই রাতেই হাসান শাহরিয়ারের কাছে আবার ফোন এল তৃষার নম্বর থেকে।

তৃষাকে অতিরিক্ত কটু কথা বলা হয়েছে। বিশেষ করে ইংরেজিগুলো আর মার্ক্সের তত্ত্ব—এই ভেবে বাইরে বিপ্লবী, ভেতরে নরম মনের হাসান শাহরিয়ার সারাদিন অশান্তিতে ছিল। আর তাই তৃষার নম্বর দেখেই উৎকণ্ঠিতভাবে মোবাইল রিসিভ করল সে।

ওপাশ থেকে কাতর কণ্ঠে কেউ একজন বলল, তৃষা বিষ খেয়েছে। তার অবস্থা ভালো না। শুধু হাসান হাসান আর কচুরি কচুরি বলছে...। কাঁদতে কাঁদতে এক মুরব্বি আরও বলল, কচুরিপানা তারা ম্যানেজ করেছে। এখন ডাক্তার বলছে, যে করেই হোক হাসানকে চায়, নইলে তৃষাকে বাঁচানো যাবে না।

‘তৃষা, তৃষা, আমি আসছি’—বলে ছুটে গেল হাসান শাহরিয়ার। চল্লিশোর্ধ্ব কবিও ছুটে গেলেন।

হাসপাতালের শুভ্র সাদা বেড। তৃষার হাতে হাসানের হাত। দুঃখ পেলেও কবি হাসিমুখে চোখ মুছলেন। দুজন অপার্থিব জুটিকে দোয়া করলেন। মনে মনে আরেকটা কবিতাও লিখলেন। তৃষা যখন হাসানকে বলল, ‘চলো, আজ চাঁদনি রাতে কচুরিপানামুক্ত নদীতে নৌকা চড়ব।’

কবি আবারও হাসলেন। তাঁর মোবাইলে ফুল ভলিউমে বেজে উঠল, ‘যদি রাত পোহালে শোনা...’

প্রথম আলোর বানান ও উচ্চারণে জোরে ‘স্যরি’ বলে আবার বাজালেন— ‘এই রাত তোমার আমার... এই চাঁদ তোমার আমার, শুধু দুজনার...।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: