জনতার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে যশোরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উদীচী যশোর প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যশোর জেলা সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম, হে স্বদেশ, ফের সেই কথা জানলাম’—কবির এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের শিক্ষার্থী শিল্পীরা সুকান্তের কালজয়ী কবিতা থেকে আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন।
উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, সাম্যবাদের স্বপ্নে উদ্দীপিত সুকান্তের কবিতায় জনগণের মুক্তির আকাঙ্ক্ষার অনুরণন স্পষ্ট। তিনি তাঁর লেখনীতে জীবনসংগ্রামের রূঢ় বাস্তবতাকে ফুটিয়ে তুলে জনগণকে অন্যায় ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করেছেন।


























