রোববার ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩৬, ২৮ নভেম্বর ২০২৬

প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে:  স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শপথ হচ্ছে, প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন।

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় আহত পুলিশ সদস্যদের অবস্থার কথা তুলে ধরে তিনি জানান, অনেকেই ইতোমধ্যে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।

গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন। নিজেরা গুরুতর আহত হওয়ার পরও কোনো শ্রমিক ভাই-বোনের গায়ে হাত তোলেননি- যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, দেশের যে কোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর।

কিছু শ্রমিক নামধারী ব্যক্তি নানা ধরনের পাঁয়তারা করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের এসব চেষ্টা সফল হবে না। সীমান্তের ওপারে কে কী করছে, তা না জানলেও দেশের ভেতরে কী ঘটছে, সে বিষয়ে সরকার অবগত রয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: