রোববার ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

রানার ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ২৮ নভেম্বর ২০২৬

মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ধানমন্ডির শপিং মলে দুর্ধর্ষ লুট, নগদ ১২ লাখ টাকা উধাও; আটক ৪

মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

রাজধানীর ধানমন্ডিতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি জুয়েলার্সের দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততা সন্দেহ করছে পুলিশ। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মীসহ তিনজন নিখোঁজ রয়েছেন। ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংগস প্লাজায় পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, চুরি হওয়া গয়নার পরিমাণ প্রায় দুই হাজার ভরি। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ

ঘটনায় শপিং মলের নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের ম্যানেজার সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি শনাক্ত হয়েছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থলে সিআইডির তদন্ত

চুরির ঘটনার পর শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির এ ঘটনায় ধানমন্ডির ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা এবং নিরাপত্তাকর্মীদের সম্ভাব্য যোগসাজশ নিয়েও প্রশ্ন উঠেছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: