রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৪৭৮ জন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার নিয়মিত অভিযান চালিয়ে ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সংশ্লিষ্ট বিভাগগুলো এ অভিযান পরিচালনা করে। উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৭ জন এবং ওয়ারী বিভাগ থেকে ৭৪ জন গ্রেপ্তার হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৭১ জন, লালবাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ২৯ জন ও গুলশান বিভাগে ২৩ জন গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা ও ২.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া ৫টি মোবাইল ফোন, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


























