প্রচলিত ফসলের বাইরে নতুন ফল ও ফুল চাষে আগ্রহী ঝিনাইদহের কালীগঞ্জের কৃষি উদ্যোক্তা খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান। প্রায় ২৭ বিঘা জমিতে গড়ে তুলেছেন বহুমুখী কৃষি খামার। এর মধ্যে এক বিঘা জমিতে চাষ করছেন আনারকলি বা প্যাশন ফ্রুট।
২০২৩ সালে মাত্র চারটি চারা দিয়ে পরীক্ষামূলকভাবে এই ফলের চাষ শুরু করেন মিজানুর। ফলন ও সম্ভাবনা দেখে ২০২৫ সালে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। বর্তমানে তাঁর বাগানে ঝুলছে অসংখ্য আনারকলি ফল।
বিভিন্ন এলাকা থেকে ফলপ্রেমী ও উদ্যোক্তারা তাঁর বাগান দেখতে আসছেন। তাঁদের ফলের স্বাদ দেওয়ার পাশাপাশি চাষপদ্ধতি সম্পর্কেও ধারণা দিচ্ছেন তিনি। আগ্রহীদের জন্য নিজেই উৎপাদন করছেন চারা।
মিজানুরের দেওয়া তথ্যমতে, জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাস ছাড়া বছরের বাকি সময় বাগানে ফল পাওয়া যায়। চলতি মৌসুমে ফল বিক্রি করে দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। প্রতি পিস ফল বিক্রি করছেন ২০ থেকে ২৫ টাকায়। তাঁর দাবি, বাগানের আনারকলি চীনেও রপ্তানি করেছেন।
মিজানুর রহমান বলেন, উৎপাদন খরচ কম এবং বাজারে চাহিদা থাকায় ভবিষ্যতে এ ফলের চাষ আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা করছেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, আনারকলি চাষ বেশ লাভজনক। অন্য কৃষকেরা এ ফল চাষে আগ্রহী হলে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।


























