বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিনিটে এক টাকায় সাইকেল সেবা চালু

রানার ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ১৮ নভেম্বর ২০২৬

মিনিটে এক টাকায় সাইকেল সেবা চালু

মিনিটে এক টাকায় সাইকেল সেবা চালু

রাজধানীর উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে রূপায়ণ সিটি পর্যন্ত অ্যাপভিত্তিক সাইকেল সেবা চালু হয়েছে। যানজট এড়িয়ে দ্রুত ও কম খরচে যাতায়াতের সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্মার্টফোনের অ্যাপ দিয়ে সাইকেলে যুক্ত কিউআর কোড স্ক্যান করে এই সেবা নেওয়া যায়। আনলক করার জন্য শুরুতে দুই টাকা কাটা হয় এবং এরপর প্রতি মিনিটের জন্য এক টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।

জোবাইকের এক কর্মকর্তা জানান, ‘ব্যবহারকারী এখান থেকে অ্যাপের মাধ্যমে সাইকেলের লকে থাকা কিউআর কোড স্ক্যান করবেন। স্ক্যান করার পর লকটি আনলক হবে। আনলক করতে দুই টাকা কেটে নেওয়া হবে। এরপর প্রতি মিনিটের জন্য এক টাকা করে কাটা হবে। প্রায় ৫ তারিখে সেবাটি চালু হয়েছে। আজ পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। বর্তমানে ১০টি সাইকেল রয়েছে। আরও প্রায় ১০০টির বেশি সাইকেল আসছে। অটোরিকশার পরিবর্তে মানুষ বেশি এই সাইকেল ব্যবহার করছেন। কারণ, এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।’

অল্প খরচে চলাচলের পাশাপাশি যানজট এড়ানো এবং শরীরচর্চার সুযোগ থাকায় সব বয়সী মানুষের মধ্যেই এটি ব্যবহারের আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই নিয়মিত যাতায়াতে এই বাহন বেছে নিচ্ছেন।

সেবাটি গ্রহণ করা এক ব্যক্তি বলেন, ‘যানজট থাকলেও এই সাইকেল নিয়ে বিভিন্ন সরু গলি দিয়ে সহজেই যাতায়াত করা যাবে। এছাড়া মাঝে মাঝে জ্বালানির দাম বেড়ে যায়, আবার জ্বালানির সংকটের কারণে তেলও পাওয়া যায় না। সে ক্ষেত্রে আমার কাছে এটি একটি ভালো উদ্যোগ বলে মনে হচ্ছে।’

অন্য একজন ব্যবহারকারী জানান, ‘আমার জন্য এটি খুবই ভালো হয়েছে। এখন আমি সাইকেল দিয়ে যাতায়াত করতে পারব। যাওয়া-আসায় সর্বোচ্চ ২০ টাকা খরচ হতে পারে, যা আমার জন্য অনেক সাশ্রয়ী। আমি বয়স্ক মানুষ হয়েও এটি চালাতে পারছি। তাই মনে হয়, সবাই চালাতে পারবেন। বয়স্ক ব্যক্তিরাও ইনশা আল্লাহ এটি চালাতে পারবেন। সিনিয়র সিটিজেনরাও এই বাইক ব্যবহার করতে পারবেন। যেহেতু এটি একটি ই-বাইক, তাই আমার মনে হয়, ঢাকায় এমন একটি ব্যবস্থা থাকা খুবই ভালো বিষয়।’

আপাতত সীমিত পরিসরে চালু হওয়া এই যোগাযোগ সেবাটি রাজধানীর অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন নগরবাসী।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: