মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়্যারম্যানপাড়ায় মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে লাল টেপে মোড়ানো তিনটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বুধবার সকাল ৭টার দিকে পাশের বোলতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে একই ধরনের আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা এসব বস্তু সেখানে রেখে গেছে। পৃথক দুটি স্থান থেকে একই ধরনের বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রেখেছে, তা জানা যায়নি। এগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমা সদৃশ বস্তুগুলো রেখে যেতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


























