ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি সরকারি সেবার মান, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করেন। একই দিন উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে আলফাডাঙ্গায় পৌঁছে সফর শুরু করেন জেলা প্রশাসক। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শন করেন। পরে আলফাডাঙ্গা পৌরসভা, থানা, একটি শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়ণ প্রকল্প ও একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও জনসেবামূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে সেবার মান নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তব অগ্রগতি সরেজমিনে দেখা। জনগণ যাতে সরকারি সেবা সহজে ও হয়রানিমুক্তভাবে পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে, উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জোবায়ের হাবিব। তিনি বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি হবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও ইউএনও প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


























