বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মালবাহী ট্রেনে ছিনতাই, চালক ও সহকারীকে কুপিয়ে জখম

প্রতিনিধি, চুয়াডাঙ্গা 

প্রকাশিত: ১১:১৭, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:২৬, ১৭ নভেম্বর ২০২৬

দর্শনায় মালবাহী ট্রেনে ছিনতাই, চালক ও সহকারীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দর্শনা জংশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনে হামলা চালিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দর্শনা জংশনের আউটার সিগন্যালসংলগ্ন দুধপাতিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী চালক কবির হোসেন। তাঁরা ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি মালবাহী ট্রেনে দায়িত্ব পালন করছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিগন্যালের জন্য ট্রেনটি দুধপাতিলা এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ট্রেনে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে জখম করে। পরে তাঁদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় দুই রেলকর্মী ট্রেনটি চালিয়ে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান। বর্তমানে ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াসিন আরাফাত জানান, ‘দুধপাতিলা এলাকায় ট্রেন দাঁড়ানো অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁরা ট্রেন চালিয়ে উথলী স্টেশনে আসেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রেনটি পরিদর্শন করেন। এ ঘটনায় রেলকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রেলপথে কর্মরত চালক ও সহকারী চালকদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: